জমি দখল ও মারধরের মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন আদালত। তবে অন্যান্য গুরুতর মামলার আসামি থাকায় আপাতত কারাগারেই থাকতে হচ্ছে তাকে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারী মেখলে এলাকায় জমি দখল ও মারধরের ঘটনা উল্লেখ করে ২০২৩ সালে দায়ের হওয়া এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ছয়জনকে আসামি করা হয়। মামলাটি দণ্ডবিধির আওতায় দায়ের করা হয় এবং তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, পিবিআইয়ের প্রতিবেদন জমা হওয়ার পর কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তার পক্ষ থেকে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
তবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হওয়ায় এই জামিনে মুক্তি পাচ্ছেন না তিনি।
২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদি হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
এছাড়া ওই ঘটনার পর পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা দায়ের হয়। বর্তমানে এসব মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।
আরএ/এএইচ



