লোহাগাড়ার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষার দিনক্ষণ শেষ হচ্ছে কয়েক ঘণ্টা পর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে উপজেলা পর্যায়ে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

নির্বাচন ও গণভোটের জন্য বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে থেকে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম।

চট্টগ্রাম-১৫ আসনে লোহাগাড়া উপজেলায় ৬৭টি ভোটকেন্দ্রে ব্যাপক নিরাপত্তায় ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। এসব ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি প্রতিটি কেন্দ্র প্রধান প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরে তাদের হাতে তুলে দেওয়া হয়। এসময় সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা উপজেলা নির্বাচন অফিস থেকে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার এবং ভোটার তালিকাসহ অন্যান্য সরঞ্জামাদি দেওয়া হয়।

জানা গেছে, চট্টগ্রাম-১৫ আসন লোহাগাড়ায় ৬৭টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে, যার মধ্যে ১৯টি ভোটকেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ ও ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে সরঞ্জামাদি বিতরণ করেছে প্রশাসন।

অতিঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো হলো—পশ্চিম পদুয়া, উত্তর পদুয়া, ফরিয়াদিরকুল, ধলিবিলা, নোয়ার বিলা, তৈয়ব আশরাফ, উজিরভিটা, পহরচাঁন্দা, নারিশ্চা, চাকফিরানী, মছদিয়া ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আধুনগর, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, পুটিবিলা পশ্চিম তাঁতীপাড়া আমতলী পুকুরপাড় ফোরকানিয়া মাদ্রাসা, সড়াইয়া ইবতেদায়ি মাদ্রাসা, চুনতি হাফিজিয়া আদর্শ মাদ্রাসা ও চরম্বা ছিদ্দিকিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা।

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো হলো—মল্লিক ছোয়াং, বাঘমুয়া, চরম্বা বাইয়ার পাড়া, উত্তর হরিণা, সাতগড়, পানত্রিশা, খালাসী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পদুয়া আইনুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসা, লোহাগাড়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, কলাউজান গৌর সুন্দর (একাডেমিক ভবন), কলাউজান গৌর সুন্দর (বিজ্ঞান ভবন) ও দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী উচ্চ বিদ্যালয়ের নাম রয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমা জানান, নির্বাচনী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী , বিজিবি, এসআইএফ, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং আনসার ব্যাটালিয়ন মোতায়েনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচনের চারদিন আগে থেকে এবং নির্বাচন পরবর্তী দুইদিন মিলিয়ে মোট ছয়দিন নিরাপত্তা জোরদার থাকবে।

উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. সাইফুল ইসলাম জানান, অতিঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার দুই লাখ ৪৬ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩০ হাজার ৮৩২ এবং নারী ভোটার এক লাখ ১৫ হাজার ৬৬৩ জন।

ডিজে

ksrm