আকবরশাহ থেকে হত্যা মামলা আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহরে ইসমাঈল হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করছে র‌্যাব।

গ্রেপ্তার যুবকের নাম প্রান্ত দাশ (২৪)। তিনি চন্দনাইশের বৈলতলী এলাকার রণ দাশের ছেলে। পরে তাকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) আকবরশাহের সিটি গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, নিহত মোহাম্মদ ইসমাঈল কিশোরগঞ্জ জেলার নিকলী থানার বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর ছিলেন। থাকতেন নগরীর উত্তর হালিশহর এলাকায়।

গত ২২ অক্টোবর ভোর আনুমানিক ৪টার দিকে মোহাম্মদ ইসমাঈল হালিশহর থানার বারুনীঘাট এলাকার ‘মা কর্পোরেশন’ নামে একটি বেকু গ্যারেজ এলাকায় গেলে সেখানে অবস্থানরত প্রান্ত দাশ ও তার সহযোগীরা তাকে চোর সন্দেহে আটক করে। এরপর তাকে গ্যারেজের ভেতরে রশি দিয়ে বেঁধে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। এতে ইসমাঈল গুরুতর আহত হন।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গ্যারেজ মালিক সাহাবুদ্দিনকে খবর দেওয়া হয়। তিনি ঘটনাস্থলে এসে ভুক্তভোগীকে পরিবারের সহায়তায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর ইসমাঈলের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ কাঞ্চন বাদি হয়ে হালিশহর থানায় পাঁচজন এজাহারনামীয় ও একজন অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আইএমই/ডিজে

ksrm