কক্সবাজারে সেন্টমার্টিনগামী একটি জাহাজে আগুন লেগে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পান পর্যটকরা। ওই সময় তারা জাহাজে ওঠার জন্য ঘাটে প্রস্তুতি নিচ্ছিলেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজার সদরের নুনিয়াছটার বিআইডব্লিউটিএ জেটি ঘাটে পর্যটক নিতে ঘাটে আসার সময় ‘এমভি আটলান্টিক ক্রুজ’ নামে জাহাজের ভেতরে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন জাহাজে ছড়িয়ে পড়ে।
নিহত জাহাজ কর্মচারীর নাম নুর কামাল (৩৫)। তিনি ওই জাহাজের একটি কক্ষে ঘুমাচ্ছিলেন।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের জাহাজে ওঠার আগে তদারকির জন্য প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাটে উপস্থিত ছিলেন। ঠিক ওই সময় আগুন লাগার ঘটনা ঘটে। যদি যাত্রীবোঝাই অবস্থায় মাঝ সাগরে এ ঘটনা ঘটতো, তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারতো।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এএইচ/ডিজে


