চট্টগ্রামের আনোয়ারায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কিশোরীর নাম নোক্তাজ (১৬)। সে কৈখাইন গ্রামের গোড়ামিয়া সওদাগরের বাড়ির মোহাম্মদ আজাদের মেয়ে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৈখাইন গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশকে জানায়।
ইউপি সদস্য মোহাম্মদ হোসেন জানান, মেয়েটির মা আমাকে ফোন দিয়ে জানায়, তার মেয়ে আত্মহত্যা করেছে। আমি তাদের পুলিশে খবর দিতে বলি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার বিষয়ে কোনো ধরনের পারিবারিক বিরোধ বা ঝগড়ার তথ্য পাওয়া যায়নি।
এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডিজে



