কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নতুন নেতৃত্ব পেল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) মিডিয়া ক্লাব। তৃতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে সৌরভ মজুমদার (৩০ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে কাজী মোহাম্মদ সাইফুল হাসান (৩১ ব্যাচ) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের দুটি শীর্ষ পদে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের বিজয়ী ঘোষণা করে। এর মধ্য দিয়ে ক্লাবের নেতৃত্বে যুক্ত হলো নতুন এক অধ্যায়, যেখানে দায়িত্ব নিচ্ছেন তরুণ এই দুই সংগঠক।
রোববার (৫ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তারসহ উপদেষ্টা প্রশান্ত কুমার শীল, তাসলিমা আক্তার ইরিন, পিংকি চাকমা এবং গিয়াস উদ্দিন রিয়াদ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবকে আরও গতিশীল, সৃজনশীল ও কার্যকর প্ল্যাটফর্মে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চা, দক্ষতা উন্নয়ন এবং বাস্তবমুখী কার্যক্রম জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।


