আনোয়ারার বরুমছড়ায় এক দিনে ৪৫০ রোগীর চোখের চিকিৎসা

চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়া এলাকায় প্রত্যন্ত জনপদের মানুষের চোখের চিকিৎসা পৌঁছে দিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনভর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বরুমছড়া ফারুকিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক শ’ মানুষ চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পেয়েছেন।

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস ও লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী ক্রাউনের যৌথ উদ্যোগে এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস ও স্থানীয় সামাজিক সংগঠন হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয়। আয়োজকেরা জানান, সমাজের কম সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসা সেবায় যুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পে অংশগ্রহণকারীদের রক্তচাপ পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা, ছানি অপারেশনের জন্য রোগী শনাক্তকরণ, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয় ও চশমা বিতরণ করা হয়। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর জেলা গভর্নর লায়ন মো. মোসলেহউদ্দিন আহমেদ অপু। তিনি বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবায় লায়ন্স ক্লাবগুলোর ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন সেবা কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, রিজিওন চেয়ারপারসন কনসার্ন লায়ন মো. মহিউদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন জয়দেব চন্দ্র দাস, লায়ন মো. সরওয়ারুজ্জান চৌধুরী, লায়ন আহমেদ নুর, লায়ন জাকারিয়া চৌধুরী যুবরাজ, লায়ন মো. ফোরকান উদ্দিন, লায়ন আব্দুল কাদের, লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন শফিকুল আলম খোকন, লায়ন মোহাম্মদ ফারুক ও লায়ন মোহাম্মদ সেকান্দর।

এ ছাড়া উপস্থিত ছিলেন লিও নুরুল মোস্তফা রাহাত, লিও আফজাল হোসেন, লিও দূর্জয় দাস, লিও তাইনু, লিও অনিক দত্তসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতারা। আয়োজকেরা জানান, পুরো কর্মসূচিতে প্রায় ৪৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

ksrm