চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে ছুটে চলা একটি প্রাইভেটকার থেকে ছিটকে পড়ে সামিয়া জাহান নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় নগরের বন্দর থানার গোসাইলডাঙ্গা মন্দিরের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে ।
বন্দর থানার উপপরিদর্শক এরশাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই সামিয়ার মৃত্যু হয়। গাড়ির চালক সাইদুল আলম সামান্য আহত হয়েছেন এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সামিয়ার মরদেহও একই হাসপাতালে রাখা হয়েছে।
নিহত সামিয়ার মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
জানা গেছে, সামিয়া জাহান হাজেরা তজু ডিগ্রি কলেজে অর্থনীতি বিভাগের স্নাতক শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন তিনি পরীক্ষায় অংশ নিতে কলেজে গিয়েছিলেন। পরে পতেঙ্গা এলাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, আজ পরীক্ষা দিতে কলেজে গিয়েছিল সামিয়া। সেখান থেকে তাকে পতেঙ্গা এলাকায় নেওয়া হয়। গাড়ির চালক তাদের পরিচিত নন। বিকেল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ছুটে আসেন।
বন্দর থানার ওসি আবদুর রহিম জানান, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে এবং পরিবারের সদস্যরা থানায় এলে বিস্তারিত তথ্য জানা যাবে।
এএইচ/ডিজে



