চট্টগ্রামে যুবদলকর্মীর হাতের কব্জি কেটে নেওয়ায় ঘটনায় হামলাকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বলুয়ারদীঘির পাড় এলাকায় প্র্রতিপক্ষের হামলায় যুবদলকর্মীর কব্জি কেটে নেওয়ার ঘটনায় মূল হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত ধামাটি উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম মো. সবুজ (২৫)। তার তথ্য অনুযায়ী, নগরীর পাথরঘাটা এলাকার একটি দোকানের সামনে থেকে হামলায় ব্যবহৃত রক্তমাখা ধামা উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) ভোরে কোতোয়ালী থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে কসবা থানা এলাকার ইমামপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল সকালে কোরবানীগঞ্জ বলুয়াদীঘির পাড় এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে মিনহাজের রিকশার গতিরোধ করে একদল সন্ত্রাসী। আবদুল আউয়াল অপু, সবুজ, তুহিনসহ আরও কয়েকজন তাকে রিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে।

হামলার একপর্যায়ে মাথায় কোপ ঠেকাতে গেলে মিনহাজের ডান হাতের কব্জির নিচ থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকার জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালে।

এ ঘটনায় ভুক্তভোগীর বোন তানজিনা আক্তার বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, কোতোয়ালী থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে নগরীর পাথরঘাটা এলাকায় একটি দোকানের সামনে থেকে হামলায় ব্যবহৃত রক্তমাখা ধামা উদ্ধার করা হয়।

এএইচ/ডিজে

ksrm