চট্টগ্রামের সন্তান সাংবাদিক মাহতাব পেলেন ‘বিজিসি স্টার অ্যাওয়ার্ড’

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সম্মাননা ‘বিজিসি স্টার অ্যাওয়ার্ড–২০২৫’ অর্জন করেছেন মাহতাব শফি।

গত ১৭ জানুয়ারি পোল্যান্ডের রোকলো শহরের হোটেল রেডিসন ব্লুতে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সাংবাদিকতায় ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

বিনোদন ক্যাটাগরিতে অভিনেত্রী সাবিলা নূর, রুনা খান, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, সাইফুর রহমান ইভান, সৈয়দা কামরুন্নাহার শাহনুর ও আল মাসিদ রণ সম্মাননা লাভ করেন।

ড. হুসাইন আলমের সঞ্চালনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি সহযোগিতা বিষয়ক দপ্তরের পরিচালক তোমাস ইয়ানোশ এবং গদানস্কের দ্য ইউনিভার্সিটি অব ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের রেক্টর ইয়ান জাখারেভিচ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোক্লোর ফ্রান্সের অনারারি কনসাল দিদিয়ের গুইজি, শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মিজানুর রহমান এবং ওয়ারশাভার প্রতিনিধি মাহবুব সিদ্দিকী, জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. খলিলুল কাইয়ুম, স্কুল অব টেরা নোভা’র পরিচালক সেরগিউশ চুলকোভস্কি।

এছাড়া সিলেশিয়া অঞ্চলে বাংলাদেশের অনারারি কনসাল ওমর ফারুক এবং ড. হুবার্ট কোস্তা সারগন সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে রোকলোর ব্রিটিশ গ্র্যাজুয়েট কলেজ (বিজিসি)।

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গহিরা গ্রামের সন্তান মাহতাব শফি এক দশকেরও বেশি সময় ধরে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করে আসছেন। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল২৪’র হয়ে ব্রাজিলে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্লোবাল টেলিভিশন, প্রতিদিনের বাংলাদেশ, প্রতিদিনের সংবাদ, যুগান্তর, কালের কণ্ঠ, মানবকণ্ঠ, ভোরের পাতা, আমাদের কণ্ঠ এবং সংবাদ সংস্থা এফএনএসসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত ছিলেন।

ইতিহাস, পরিবেশ, সামাজিক উন্নয়ন, ছিন্নমূল শিশু এবং খেলাধুলা বিষয়ক তার একাধিক প্রতিবেদন পাঠক ও দর্শকমহলে প্রশংসিত হয়েছে। পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালিত অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ, বেলা পরিচালিত পরিবেশ বিষয়ক অনুসন্ধানী রিপোর্টিং প্রশিক্ষণ, ফেসবুক (মেটা) পরিচালিত ‘ফান্ডামেন্টালস ফর নিউজ’ প্রশিক্ষণসহ একাধিক আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

ksrm