নিম্নমানের কাঁচামালে খাবার বানায় ‘মিষ্টিমুখ’, অর্থদণ্ড দেড় লাখ

আটদিনের ব্যবধানে ফের জরিমানা গুনেছে চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী এলাকার ‘মিষ্টিমুখ’। নিম্নমানের কাঁচামাল দিয়ে খাদ্য তৈরি করায় দেড় লাখ টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।

এর আগে চলতি মাসের ১১ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা অভিযান চালিয়ে মিষ্টিমুখকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে অভিযান সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছিল মিষ্টিমুখ। খাবার তৈরিতে ব্যবহার করা হচ্ছিল নিম্নমানের কাঁচামাল। এছাড়া মেয়াদ পার হওয়া মিষ্টি মজুদ করেছিল তারা। মিষ্টির ওপর উড়ে বেড়াচ্ছিল মাছি। এসব অসঙ্গতির কারণে তাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং চকবাজার থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

আইএমই/ডিজে

ksrm