চট্টগ্রামে আনিসুল-শাকিলা-এয়াকুবসহ ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের তিনটি আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ৩ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ৩ জন ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের চারজন প্রার্থী রয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মনোনয়ন বাতিল হয় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও স্বতন্ত্র প্রার্থী মো. ইমাম উদ্দিন রিয়াদ। অন্যদিকে সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের জমা দেওয়া প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়া গেছে।

যাচাই-বাছাইয়ে সমর্থনকারীর স্বাক্ষর না থাকায়, আয়কর সংক্রান্ত তথ্য না দেওয়া ও দলীয় মনোনয়নের ত্রুটিসহ বিভিন্ন কারণে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন—আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী আব্দুর রহমান, গণঅধিকার পরিষদের বেলাল উদ্দীন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রমোদ বরণ বড়ুয়া।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ঋণখেলাপি হওয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এম এয়াকুব আলীর মনোনয়ন বাতিল হয়। এছাড়া দলীয় মনোনয়ন সঠিক না থাকায় জাতীয় পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরীর মনোনয়নও বাতিল করা হয়। একই আসনে ১ শতাংশ ভোটারের তথ্য যাচাইয়ে সত্যতা না পাওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাদাত আহমেদ ও মোহাম্মদ শাখাওয়াত হোসাইনের মনোনয়ন বাতিল হয়।

পটিয়ার বিএনপি প্রার্থী এনামুল হক এনাম বলেন, পটিয়াবাসীর সুখে-দুঃখে পাশে থাকা ও এলাকার উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি প্রশাসনের কঠোর অভিযানের দাবি জানান।

জামায়াত প্রার্থী ডা. ফরিদুল আলম বলেন, শ্রমিক, পেশাজীবী ও মেহনতি মানুষের সহযোগিতায় একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি।

রোববার (৪ জানুয়ারি) থেকে ১১ জানুয়ারী পর্যন্ত রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের করা যাবে। আপিল নিষ্পত্তি ১২–১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি, চূড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, প্রচারণা শুরু ২২ জানুয়ারি, ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

অন্যদিকে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে যাচাই-বাছাইয়ে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা বশির আহমদ বলেন, আজ (শনিবার) চট্টগ্রামের চারটি আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার অপর আসনগুলোর মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হবে।

এএইচ/ডিজে

ksrm