চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় গলায় ছুরিকাঘাতে আহত আট বছরের এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে রক্তাক্ত অবস্থায়। শ্বাসনালি কেটে যাওয়ায় সে কথা বলতে পারছে না। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
রোববার (১ মার্চ) সকালে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে চন্দ্রনাথ মন্দির সড়কের পাশে তাকে উদ্ধার করা হয়। রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার গলায় অস্ত্রোপচার করা হয়েছে। ড্রেসিং শেষে সোমবার (২ মার্চ) শিশুটিকে ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে দুর্গম পাহাড়ি এলাকায় চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা শিশুটিকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তার গলা থেকে রক্ত ঝরছিল। শ্রমিকেরা নিজেদের পরনের কাপড় দিয়ে গলা পেঁচিয়ে রক্তপাত বন্ধের চেষ্টা করেন।
পরে প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নাক, কান ও গলা ওয়ার্ডে ভর্তি করে রোববার রাতেই অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তার অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় রোববার রাতে শিশুটির মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সীতাকুণ্ড থানায় অপহরণ করে হত্যাচেষ্টার মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, শিশুটির গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল। তবে পরিবারের দাবি, সে কিভাবে ওই দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছাল, তা তারা বুঝতে পারছেন না। পরিবারের ধারণা, আধা কিলোমিটার দূরে চাচার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়েছিল। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



