চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাউজানের সাবেক ছাত্রদল নেতা পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সৌদি আরব থেকে দেশে ফেরার সময় তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিএমপি ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি সোমবার বিকেলে জানাজানি হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন খাঁন ও তদন্ত ওসি আরিফ রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ডবলমুরিং থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মমিনুল সুমন বলেন, ‘চট্টগ্রামের এক কাস্টমস কর্মকর্তার দায়ের করা মামলায় পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু রাউজান উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের খানখানাবাদ গ্রামের বাসিন্দা।
তিনি হাফেজ নুর মোহাম্মদের ছেলে। তিনি রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সম্পাদক ছিলেন এবং বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
গত বছরের ১৫ ফেব্রুয়ারি রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামে এক গোলাগুলির ঘটনায় তিনি গুরুতর আহত হন। ওই সময় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির আরেক অনুসারী মো. রায়হানের সঙ্গে তার বিরোধ চলছিল।
স্থানীয়রা জানান, পূর্ব রাউজান ও কদলপুর ইউনিয়নে অবৈধ পাহাড় কাটা ও চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতির অবনতি হলে পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু দেশের বাইরে চলে যান।
জেজে/ডিজে



