চট্টগ্রামের ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত চক্রের দুই প্রধান আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আকারের তিনটি স্টিলের ছোরা ও একটি স্টিলের কাঁচি উদ্ধার করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) রাত ১২টা ৫৫ মিনিটে কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে জামে মসজিদের মূল ফটকের সামনে পাকা সড়কে এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তার আসামিরা হলেন—মো. আলাউদ্দিন (৩০), রমজান হোসেন রুবেল ওরফে দাইত্যা রুবেল (৩২), মো. জাহাঙ্গীর আলম (৩৫), জাহিদুল ইসলাম (২৭), মো. শান্ত (১৯), মো. মঞ্জুর আলম (৩০) ও মো. শরীফ (৩০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার প্রত্যেক আসামির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
জেজে/ডিজে


