বাংলাদেশকে একটি শান্তির ও নিরাপদ জনপদ এবং বিশ্ববাসীর মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন মাইজভান্ডারি গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ম.)।
শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) বার্ষিক ওরস শরীফ উপলক্ষে বিশেষ মোনাজাতে মহান আল্লাহর কাছে তিনি এই ফরিয়াদ করেন।
বিশেষ মোনাজাতে তিনি বলেন, হে আল্লাহ মহান এ অলীর বার্ষিক ওরসে দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির উছিলায় অগণিত ভক্ত আশেক দেশ-বিদেশ থেকে দরবারে হাজির হয়েছেন। মহান এই অলীর উছিলায় আল্লাহ আপনি বাংলাদেশকে একটি সুখী, নিরাপদ ও সমৃদ্ধশালী কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে কবুল করুন।’
বিশ্বে নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তি কামনা করে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি বলেন, ‘বিশ্বের শক্তিধর দেশ দুর্বল রাষ্ট্রগুলোর প্রতি ক্রমাগত অন্যায়, অবিচার, জুলুম করছে, নিরস্ত্র নারী-পুরুষদের হত্যা করছে। এসব অত্যাচারীর হাত থেকে মানবজাতিকে রক্ষা করুন।’
হুজুর গাউসুল আজম মাইজভান্ডারি (ক.) প্রবর্তিত তরিকা এবং গাউসি আজমিয়াতের শান-মান মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরার তৌফিক কামনা করে তিনি বলেন, ‘বিশ্বের আনাচে-কানাচে যুগে যুগে আল্লাহর দ্বীনের পতাকাকে উড্ডীন রাখার জন্য যেসব বান্দা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের পথেই আমাদের পরিচালিত করুন।’


