চট্টগ্রাম নগরীর আনন্দবাজার বেড়িবাঁধ থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ওই যুবকের পরিচয় জানা যায়নি।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বন্দর থানার আনন্দবাজার বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ধারণা করছে, নিহত যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। লাশের শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই। কেউ শ্বাসরোধ করে হত্যার পর বস্তাভরে বেড়িবাঁধে ফেলে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বেড়িবাঁধ এলাকায় বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহিম বলেন, শ্বাসরোধ করে হত্যার পর কেউ লাশটিকে বস্তাভরে এখানে রেখে গেছে। আমরা নিহতের পরিচয় জানতে কাজ করছি। ইতোমধ্যে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

