ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজে দুই শিক্ষকের সংবর্ধনা

চট্টগ্রামের দক্ষিণ হালিশহরে অবস্থিত ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজে এক আবেগঘন বিদায় আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ কর্মজীবনের ইতি টানলেন কলেজটির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকের হোছাইন এবং সাবেক ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম।

ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজে দুই শিক্ষকের সংবর্ধনা 1

সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে তৈরি হয় স্মৃতি ও কৃতজ্ঞতার এক আবহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হামিদ উল্লাহ। সভাপতির বক্তব্যে তিনি বিদায়ী দুই শিক্ষকের প্রশাসনিক দায়িত্ব পালন ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা স্মরণ করেন এবং তাঁদের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও শিক্ষকরা বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। বক্তারা তাঁদের দায়িত্বশীলতা, পেশাগত নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করেন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।

সভায় বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সুলতান সাঈদ হাসান চৌধুরী ও মো. আজগর হাসান চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য অধ্যাপক আবুল হোসাইন ও অধ্যাপক কাইয়ুম নিজামী। এ ছাড়া বক্তব্য দেন অধ্যাপক আলী রেজা আহমদ, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ তৈয়ব, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক বোরহান উদ্দীন, অধ্যাপক ওয়াহিদুর রহমান ও অধ্যাপক রক্সি বেগম। তাঁদের বক্তব্যে বিদায়ী দুই শিক্ষকের কর্মজীবনের ধারাবাহিকতা ও কলেজ পরিচালনায় ভূমিকার প্রসঙ্গ উঠে আসে।

অনুষ্ঠানজুড়ে ছিল সহকর্মীদের আন্তরিকতা ও দীর্ঘদিনের সহযাত্রার স্মৃতি। সংবর্ধনার মধ্য দিয়ে কলেজ প্রশাসন ও শিক্ষকসমাজ আনুষ্ঠানিকভাবে বিদায় জানান সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে।

ksrm