কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ দুর্ঘটনা ঘটে।
আহত কিশোরের নাম আব্দুল হাকিম (১৫)। তিনি উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির ১৯ নম্বর-এর বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হাকিম নাফ নদীতে মাছ ধরতে গিয়ে তীরে ওঠার সময় পা পড়ে একটি পুঁতে রাখা স্থলমাইনের ওপর। সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ ঘটে। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। সীমান্তের ওপারে বিভিন্ন স্থানে পুঁতে রাখা মাইন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকেই মাছ ধরতে গিয়ে এসব দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এএইচ/ডিজে



