এসেনসিয়াল ড্রাগসের সামাদ মৃধার বিদেশ যাওয়া মানা, টাকা পাচারের বড় অভিযোগ

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে চলমান অনুসন্ধানকে কেন্দ্র করে এই আদেশ দেওয়া হয়। এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড একটি রাষ্ট্র মালিকানাধীন ফার্মাসিউটিকাল কোম্পানি। এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত হয়।

২০২৪ সালের ৩০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে ইডিসিএল-এর এমডি পদে যোগ দেন সামাদ মৃধা। তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী নাগরিক। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে।

আদালতের আদেশ

সোমবার (২ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ সামাদ মৃধার বিদেশ যাত্রা নিষিদ্ধ করার আদেশ দেন। আদালত সূত্র জানায়, অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত জনস্বার্থে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

পাচারের অভিযোগ ও দুদকের আবেদন

আদালত সূত্রে জানা গেছে, মো. আ. সামাদ মৃধার বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন। দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত কিংবা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

নির্দেশনা ও পরবর্তী পদক্ষেপ

এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন-প্রশাসন), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, মালিবাগ, ঢাকাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। আদেশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে অভিযুক্ত ব্যক্তির বর্তমান অবস্থান সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিল করতে অনুসন্ধানকারী কর্মকর্তাকেও নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশের অনুলিপি পাঠানোর নির্দেশ

আদালতের আদেশের অনুলিপিসহ দরখাস্তের ফটোকপি দুর্নীতি দমন কমিশনের সচিব, পরিচালক (পর্যবেক্ষণ ও মূল্যায়ন), বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন-প্রশাসন), অনুসন্ধানকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের বক্তব্য

এ বিষয়ে দুদক ঢাকা প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল ইসলাম আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থেই সামাদ মৃধার বিদেশ যাত্রা বন্ধে আদালতের কাছে আবেদন করা হয়েছিল, যা আদালত মঞ্জুর করেছেন।

ksrm