চট্টগ্রামে কলেজছাত্রকে পিটিয়ে আটতলা ভবনের লিফটের গর্তে ফেলে হত্যা

নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চকবাজারে এক কলেজছাত্রকে মারধরের পর নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে হত্যার অভিযোগ ওঠেছে। হামলাকারীদের হাত থেকে বাঁচতে ওই কিশোর ভবনটিতে উঠেছিল। এ ঘটনায় ভবনের নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত কলেজছাত্রের নাম আশফাক কবির সাজিদ (১৭)। সে নগরীর বিএএফ শাহীন কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তবে ডিসি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

রোববার (১৫ এপ্রিল) রাতে ডিসি রোড এলাকার মৌসুমি আবাসিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার বিকেলে সাজিদকে তার বন্ধু ফারদিন হাসান ডেকে মৌসুমি আবাসিক এলাকার মোড়ে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে একদল তরুণ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোর করে অন্য জায়গায় নিয়ে যায়।

এজাহার সূত্রে জানা গেছে, হামলাকারীদের হাত থেকে বাঁচতে সাজিদ পাশের একটি নির্মাণাধীন ভবনে ঢুকে ভেতর থেকে গেট বন্ধ করে দেন এবং দৌড়ে আটতলায় উঠে যান। কিন্তু ভবনের নিরাপত্তাকর্মী গেট খুলে দিলে হামলাকারীরা ভেতরে প্রবেশ করে তাকে মারধর করে। একপর্যায়ে তাকে আটতলা থেকে লিফটের জন্য তৈরি করা ফাঁকা স্থানে ফেলে দেওয়া হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম সিকদার বাদি হয়ে চকবাজার থানায় মামলা করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে ভবনের নিরাপত্তাকর্মী এনামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের বাবা জানান, তার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

টিএ/ডিজে

ksrm