চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে উদ্যোগের অংশ হিসেবে আলোচনা সভা থেকে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় নগরীর চকবাজারের কিশলয় কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
‘চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা’ শীর্ষক এই আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান নাসির উদ্দিন তোতা। সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় আবাসন সুরক্ষা ও নতুন আবাসন সুবিধা তৈরির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে গঠিত ৯ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে দৈনিক নয়াবাংলা পত্রিকার পরিচালনা সম্পাদক বিএম মনজুর এলাহী খোকনকে এবং সদস্যসচিব করা হয়েছে দ্য ডেইলি স্টারের সাবেক ব্যুরো প্রধান মো. নজরুল ইসলাম শিমুলকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন বাংলাভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান নাসির উদ্দিন তোতা, দৈনিক পূর্বকোণের সিনিয়র সাব এডিটর আবসার মাহফুজ, দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলাম, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ, গাজী টিভির ব্যুরো প্রধান মো. তৌহিদুল আলম, নাগরিক টেলিভিশনের ব্যুরো প্রধান এ কে আজাদ এবং দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার মোরশেদ তালুকদার।


