বান্দরবানে অস্ত্র ঠেকিয়ে ৬ রাবারশ্রমিককে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বান্দরবানের সদর হাতিরডেরা এলাকার একটি রাবারবাগান থেকে ছয় শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা মোবাইল ফোনে শ্রমিকদের পরিবারের কাছে প্রায় ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

বুধবার (২২ এপ্রিল) রাত ১১টায় উপজেলার টঙ্কাবতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হাতিরডেরা এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতরা সবাই নাইক্ষ্যংছড়ি সাপের ঘেরা এলাকার বাসিন্দা। হাতিরডেরা এলাকাটি জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে।

রাবারবাগান সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, অপহরণকারীরা মোবাইল ফোনে শ্রমিকদের পরিবারের কাছে প্রায় ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। স্থানীয়দের ধারণা, অপহরণকারীরা পাহাড়ি গোষ্ঠীর সদস্য হতে পারে।

রাবারবাগানের মালিক মোহাম্মদ ইসমাইল জানান, বাগানে দুজন নারীসহ আটজন শ্রমিক ছিলেন। রাত ১১টার দিকে একদল অস্ত্রধারী তার বাগানে ঢুকে শ্রমিকদের মারধর ও গালাগালি শুরু করে। এ সময় দুই নারীশ্রমিক পালিয়ে পাশের লোকজনের বাড়িতে চলে যান। আর অপর শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছে।

অপহৃত শ্রমিকরা হলেন—নুরুল আফছার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্লাহ, রমিত উদ্দিন ও মো. সাকিব। তাঁরা সবাই নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সাপের ঘেরা এলাকার বাসিন্দা।

টঙ্কাবতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংইয়ং ম্রো বলেন, শ্রমিকদের উদ্ধারে স্থানীয়রা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালাচ্ছেন। তবে কারা এ ঘটনায় জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, ঘটনাটি তদন্তে পুলিশের একটি দল রাবারবাগানে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য সংগ্রহ শেষে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

এর আগে গত মঙ্গলবার জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকা থেকে রাবারবাগানের চারজন শ্রমিককে অপহরণ করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গতকাল সন্ধ্যায় ওই চারজনকে উদ্ধার করা হয়।

এএইচ/ডিজে

ksrm