চট্টগ্রামে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ আড়াই লাখ ও স্বর্ণালংকার লুট

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার উত্তর কাট্টলীতে এক সাংবাদিকের বাসায় ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরের দল। রোববার (৮ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক মো. শফিকুল ইসলাম খান দৈনিক পূর্বদেশের সহসম্পাদক। তিনি জানান, চোরেরা তার বাসার আলমারি ভেঙে নগদ প্রায় আড়াই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

মো. শফিকুল ইসলাম খান বলেন, তার শ্বশুর কিছুদিন আগে মারা গেছেন। পরিবারের অন্য কেউ না থাকায় তার শাশুড়িকে দেখাশোনার জন্য গত কয়েক দিন ধরে তিনি পরিবারসহ বাসার নিচতলায় অবস্থান করছিলেন। শনিবার (৭ মার্চ) রাতেও তিনি পরিবার নিয়ে নিচতলায় ঘুমান।

রোববার সকালে উপরের তলায় উঠতে গেলে তিনি দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে নামাজ ঘরের ইমার্জেন্সি দরজা খোলা অবস্থায় দেখতে পান।

তিনি আরও বলেন, চোরেরা তার বড় ও ছোট মেয়ের গত কয়েক বছরে জমানো টাকা এবং তার স্ত্রীর সঞ্চয়ের টাকা রাখা ব্যাংক কেটে নিয়ে গেছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে রাখা টাকাসহ মোট প্রায় আড়াই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।

ঘটনার পর পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।

ksrm