চট্টগ্রামের চন্দনাইশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস এবং মাদক, পতিতাবৃত্তিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৪৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। এদের মধ্যে এখন পর্যন্ত ৩২২ জন রোহিঙ্গা হিসেবে শনাক্ত করা গেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল দোহাজারী পৌরসভার ২ ও ৭ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে এ অভিযান পরিচালনা করে।
চন্দনাইশ থানার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত ৩২২ জনকে রোহিঙ্গা হিসেবে নিশ্চিত করা হয়েছে। বাকি কয়েকজনের পরিচয় যাচাই চলমান রয়েছে।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন নারী ও ৮৩ জন শিশু-কিশোরসহ মোট ৩৪৫ জনকে আটক করে থানায় নেওয়া হয়।
আরও জানা গেছে, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে পতিতাবৃত্তি, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বেচাকেনা ও সেবন, পাশাপাশি চুরি, ছিনতাই এবং টাকার বিনিময়ে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে কেন্দ্র দখলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা থাকায় অপরাধপ্রবণ এই এলাকায় অভিযান চালানো হয়।
চন্দনাইশ থানার ওসি আরও জানান, আটক রোহিঙ্গাদের নিরাপত্তার সঙ্গে উখিয়া থানার কাছে হস্তান্তর করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএইচ/ডিজে



