চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) অনুষ্ঠিত হয়েছে মোজো কর্মশালা। ক্লাসরুমের তাত্ত্বিক পাঠের গণ্ডি পেরিয়ে বাস্তব সাংবাদিকতার মাঠে শিক্ষার্থীদের দক্ষ ও প্রস্তুত করে তুলতেই এই কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পিসিআইইউ’র সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘কমিউনিটি এনগেজমেন্ট মোজো স্ট্রিংগার ওয়ার্কশপ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিসিআইইউ’র মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মাল্টিমিডিয়া বিভাগের প্রধান মজুমদার বাবু।
কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দী। তিনি মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ, ভিডিও ধারণ, এডিটিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট প্রকাশের আধুনিক কৌশলগুলো হাতে-কলমে তুলে ধরেন। সাংবাদিকতা শিক্ষার্থীদের মিডিয়া ইন্ডাস্ট্রিমুখি করে গড়ে তোলার একটি মৌলিক উদ্যোগের রূপরেখা উপস্থাপন করেন।
কর্মশালায় সহ-প্রশিক্ষক হিসেবে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিবিএস ‘মোজো স্ট্রিংগার’ মোহাম্মদ ইরফান ও সাইদুর রহমান শাওন। তারা বাস্তব অভিজ্ঞতা থেকে মোজো স্টোরি আইডিয়া, ফিল্ড রিপোর্টিং ও কমিউনিটি স্টোরি নির্মাণের কৌশল শেয়ার করেন।
এসময় শিক্ষার্থীদের কমিউনিটি-ভিত্তিক মোজো স্টোরির আইডিয়া তৈরিতে উৎসাহিত করা হয়। যৌথ এ উদ্যোগে শিক্ষার্থীদের প্রস্তুত করা প্রতিবেদনগুলোর মধ্য থেকে নির্বাচিত সেরা স্টোরি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এ প্রকাশ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিআইইউ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান, প্রক্টর মু. রাশেদ খান মিলনসহ বিভাগের শিক্ষকবৃন্দ।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

