ফিল্মি স্টাইলে পুলিশকে ছুরি মেরে চট্টগ্রাম মেডিকেল থেকে পালালো ছিনতাইকারী, ছিল দুই নারীও
রাতে পুলিশকে ছুরি মেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে গেছে চিকিৎসাধীন ছিনতাইকারী। চট্টগ্রাম নগরের বন্দর থানার বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় চীনা নাগরিককে ছুরিকাঘাতে আহত করা সেই ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ (২৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পালিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২১ অক্টোবর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে। সে সময় চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ পাহারার মধ্যেই পালিয়ে যায় সে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুনেছি চীনা নাগরিককে ছুরি মেরে আহত করা ছিনতাইকারী পাহারারত পুলিশকে ছুরি মেরে পালিয়ে গেছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, বন্দর থানা পুলিশের দায়িত্বে থাকা সদস্যদের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এক পুরুষ ও দুই নারী মিলে পুলিশ সদস্যদের আক্রমণ করে।
এ সময় এক পুলিশ সদস্যের পায়ে ছুরি মারার পর আসামি ইমাম হোসেন আকাশকে ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে ওই দুই নারীর একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় চট্টগ্রাম বন্দর জোনের ডিসি আমিরুল ইসলাম, এডিসি মোহাম্মদ জাহাঙ্গীর ও বন্দর থানার ওসি আফতাব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কেউ ফোন ধরেননি।
পালিয়ে যাওয়া আসামি মো. ইমাম হোসেন আকাশ (২৯) আনোয়ারার দিঘীরপাড় বরুমছড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে নগরের বন্দর এলাকার আজাদ কলোনির শাহজাহান বাড়িতে ভাড়া থাকেন তিনি।
এর আগে সোমবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় এক চীনা নাগরিকের ওপর ছিনতাইয়ের চেষ্টা চালায় তিনজন দুর্বৃত্ত। তারা ওই বিদেশির কাছ থেকে একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
পথচারীরা একজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। আহত ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ ও আহত বিদেশি নাগরিককে পরে পুলিশ চমেক হাসপাতালে ভর্তি করে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, ‘চীনা নাগরিককে ছুরিকাঘাতের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় ছিল।’
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘ঘটনাটি বন্দরের সংরক্ষিত এলাকার বাইরে ঘটেছে। বন্দর অফিসার্স কলোনি গেটের সামনে তিনজন ছিনতাইকারী এক চীনা নাগরিককে ছুরি মেরে আইফোন ও কিছু টাকা ছিনিয়ে নেয়।’
তিনি আরও জানান, ‘পথচারীরা একজনকে ধরে গণপিটুনি দেয়, আর আহত বিদেশি নাগরিক নিজেই আরেকজনকে তাড়া করে ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকেই আটক করে হাসপাতালে নেয়।’
জেজে/সিপি



