মধ্যরাতে চট্টগ্রামে সাড়ে ৮ কোটির হেরোইন ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ মাদক কারবারি

চট্টগ্রামের কর্ণফুলীতে ৮ কোটি টাকার হেরোইন ও ৩৫ লাখ টাকার ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৩টায় উপজেলার শিকলবাহা ক্রসিং পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে নগর পুলিশের গোয়েন্দা পশ্চিম বিভাগ (ডিবি)।

এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

গ্রেপ্তার তিন মাদক কারবারি হলেন—মো. আলী হোসাইন ওরফে আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) এবং মুহাম্মদ রাশেল (৪৯)। মাদক পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনটি (ঢাকা মেট্রো-ব-১১-২৩৮০) এসব হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ জানায়, হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস কক্সবাজার থেকে বিপুল পরিমাণের হিরোইন ও ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে বলে গোপনে তথ্যে জানা যায়। এরপর কর্ণফুলীর ক্রসিং এলাকায় সন্দেহজনক বাসটি দেখে থামার সংকেত দিলেও গাড়িটি না থেমে চলে যায়। এ সময় ধাওয়া দিয়ে বাসটি আটক করা হয়।

পরে বাসটি তল্লাশি চালিয়ে পেছনে লোহার তৈরি বাক্সে লুকানো হলুদ রঙের ৮টি প্যাকেটে মোড়ানো প্রতিটি প্যাকেটে ১ কেজি করে ৮ কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ কোটি টাকা। এছাড়া ৭০টি নীল রঙের জিপারের ভেতরে লুকানো প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজন ওই বাসের চালক, সুপারভাইজার এবং হেলপার। এছাড়াও তারা পেশাদার মাদক ব্যবসায়ী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, মাদকের বড় চালানটি কক্সবাজারের অজ্ঞাত ২-৩ জনের কাছ থেকে নিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সেখানে গিয়ে অজ্ঞাত ২ জনের কাছে এসব মাদক বিক্রির কথা ছিল।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

ডিজে

ksrm