দৈনিক চট্টগ্রাম প্রতিদিন-এর অনলাইন সংস্করণে ‘চুরি মামলার তদন্তে সাতকানিয়া থানার এসআই-এর বিকাশ বাণিজ্য’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন পাটোয়ারী।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রকাশিত খবরে বিকাশে দুবার ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা লেনদেনকে বাণিজ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে সাতকানিয়ার কেঁওচিয়া এলাকার মোহাম্মদ জাবেদ হোসেন একটি মোটরসাইকেল চুরি মামলার বাদী এবং এসআই মো. আনোয়ার হোসেন পাটোয়ারী ছিলেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা।
মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেপ্তারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা ফোর্সসহ কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। পরে গোপন সোর্স ও প্রযুক্তির সহায়তায় টেকনাফ থেকে চোরকে গ্রেপ্তার এবং চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, অভিযানের সময় যাতায়াতের গাড়িভাড়া বাবদ মামলার বাদী হিসেবে মোহাম্মদ জাবেদ হোসেন বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান। এই অর্থের বিকাশ বার্তাকে পরিকল্পিতভাবে ব্যবহার করে পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটিকে ‘বিকাশ বাণিজ্য’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
এতে আরও বলা হয়, এসআই মো. আনোয়ার হোসেন পাটোয়ারী ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে ভূমিকার জন্য চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হয়ে পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কৃত হন।
প্রতিবাদলিপিতে অভিযোগ করা হয়, এসব অর্জন নস্যাৎ করা এবং মানহানি করার লক্ষ্যেই একটি প্রতিষ্ঠিত পত্রিকায় মিথ্যা বক্তব্য দেওয়া হয়েছে।



