আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ৬ষ্ঠ সমাবর্তন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আলী আজাদী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৭ হাজার ৯৪৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে ১৩ জনকে চ্যান্সেলর পুরস্কার এবং ৫১ জনকে ভাইস-চ্যান্সেলর পুরস্কার প্রদান করা হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি রয়েছে। বাংলাদেশের ছয়টি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন প্রকাশনার ইনডেক্স অনুযায়ী আইআইইউসির অবস্থান প্রথম। এছাড়া বিশ্বের ২৮টি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইআইইউসির অবস্থান ১৪তম।
সমাবর্তনে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সৈয়দ মুহাম্মদ আবদুল ফায়েজ। সমাবর্তনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোস্তাক খন্দকারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, কলা ও মানবিক অনুষদের ডিন ড. ইয়াসিন শরীফ, আইন অনুষদের ডিন ড. মাইমুল আহসান খান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মো. সামসুল আলম, ব্যবসায় অনুষদের ডিন ড. আকতারুজ্জামান খান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মিরাজুল ইসলাম, রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম, পিএসসি এবং সমাবর্তনের প্রেস, পাবলিকেশন ও পাবলিসিটি উপকমিটির সদস্য-সচিব ড. শরীফুল ইসলাম।



