শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আন্তর্জাতিক গণমাধ্যম কীভাবে মূল্যায়ন করেছে, সেই ইতিহাস ও দৃষ্টিভঙ্গি ‘আন্তর্জাতিক গণমাধ্যমে জিয়া’ নামে নতুন বইয়ে তুলে ধরেছেন কথাসাহিত্যিক আসিফ আহমদ।
বইটিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রভাবশালী সংবাদমাধ্যমে প্রকাশিত জিয়াউর রহমানকে নিয়ে লেখা প্রতিবেদন ও বিশ্লেষণের নির্বাচিত অংশ অনুবাদ ও সংকলন করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের লেখা।
লেখক জানান, বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদন তাকে জিয়াউর রহমানকে নতুনভাবে বুঝতে সহায়তা করেছে। তার ভাষায়, আমরা জিয়াকে যেমনভাবে দেখেছি, আন্তর্জাতিক গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছে। একটি জাতির পরিচয় শুধু নিজের চোখে নয়, অন্যের চোখেও প্রতিফলিত হয়।
বইটির ফ্ল্যাপে উল্লেখ করা হয়েছে, ‘আন্তর্জাতিক গণমাধ্যমে জিয়া’ সময়ের ধূসর পাণ্ডুলিপি ভেদ করে আন্তর্জাতিক সংবাদপত্রে ছড়িয়ে থাকা বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে পাঠকের সামনে তুলে ধরে। এখানে অনিশ্চিত রাজনৈতিক সময়ের ভেতর দাঁড়িয়ে জিয়াউর রহমানের নেতৃত্ব, দৃঢ়তা ও রাষ্ট্রনায়কসুলভ ভূমিকার চিত্র ফুটে উঠেছে।
লেখকের মতে, এই গ্রন্থ নিছক অনুবাদের সংকলন নয়; বরং বাংলাদেশের ইতিহাসের আন্তর্জাতিক দিককে নতুন করে দেখার একটি প্রয়াস। তিনি বলেন, বইটি ভাষান্তর করতে গিয়ে বারবার মনে হয়েছে, আমরা আমাদের ইতিহাসের এই দিকটি দীর্ঘদিন অবহেলায় রেখেছি।
বইটি প্রকাশিত হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান—এশিয়া পাবলিকেশন। ইতিহাস, রাজনীতি ও গণমাধ্যম বিষয়ে আগ্রহী পাঠকদের জন্য বইটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।



