চট্টগ্রামে অটোরিকশায় গাছের ডাল পড়ে চালক নিহত, আহত তিন যাত্রী

চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ গাছের ডাল ভেঙে পড়ে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম (৪০) কদমতলী ইউনিয়নের আজিজনগর এলাকার লিয়াকত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মাথা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা অটোরিকশাটি কাটাখালী এলাকায় পৌঁছালে একটি বড় গাছের ডাল ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় এবং তিন যাত্রী আহত হন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, দুর্ঘটনার পরপরই সড়ক থেকে গাছের ডাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচ/ডিজে

ksrm