চার ক্যাটাগরিতে শেয়ারিং হ্যাপিনেস ৬.০ সম্মাননা দিলো ‘পিসিইইউ ভলান্টিয়ার্স’

পবিত্র রমজান মাসজুড়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে পরিচালিত মানবিক কর্মসূচি ‘শেয়ারিং হ্যাপিনেস ৬.০’ চার ক্যাটাগরিতে সম্মাননা ও পুরস্কার বিতরণী সম্পন্ন করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বেচ্ছাসেবী সংগঠন পিসিআইইউ ভলান্টিয়ার্স ফোরাম।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শারমিন আক্তার।

প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহকারী প্রক্টর, কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষার্থী এবং ভলান্টিয়ারদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পুরস্কার বিতরণ পর্বে চারটি ক্যাটাগরিতে সেরাদের সম্মাননা প্রদান করা হয়— বেস্ট ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ, বেস্ট ডেডিকেটেড মেম্বার, বেস্ট ফান্ড রেইজার এবং বেস্ট সাপোর্টিভ মেম্বার।

এর আগে পুরো রমজানজুড়ে নয়টি ধাপে পরিচালিত এই কর্মসূচির আওতায় সেহরি ও ইফতার বিতরণ, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে সহায়তা, ঈদ সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মেহেদি উৎসব আয়োজন, রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা এবং এক দরিদ্র রিকশাচালকের হাতে জীবিকা সহায়তা হিসেবে রিকশা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

ksrm