চট্টগ্রাম নগরীর সাড়ে তিন হাজার শিক্ষার্থীর স্বপ্ন আর মেধা যাচাইয়ের লড়াই শুরু হচ্ছে আজ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ‘মেয়র শিক্ষাবৃত্তি-২০২৫’ পরীক্ষার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে একযোগে এই মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের বিশেষ উদ্যোগে প্রবর্তিত এই বৃত্তির মাধ্যমে নগরীর মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মেধা বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।
অংশ নিচ্ছে ১২৪ স্কুলের শিক্ষার্থী
এবারের এই বিশেষ শিক্ষাবৃত্তি পরীক্ষায় বন্দরনগরীর ১২৪টি বিদ্যালয়ের ৩ হাজার ৫৩৭ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছে। পরীক্ষার পরিসংখ্যান অনুযায়ী, ষষ্ঠ শ্রেণির ১ হাজার ৭৭৫ জন এবং সপ্তম শ্রেণির ১ হাজার ৭৬২ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় লড়বে। নগরীর কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার আমতল মোড়ে অবস্থিত ‘অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ’, চকবাজার-কাপাসগোলা সড়কের ‘কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়’ এবং আগ্রাবাদ চৌমুহনী এলাকার ‘পাঠানটুলী খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়’ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি ও সমন্বয় সভা
বৃত্তি পরীক্ষা আয়োজন উপলক্ষে সম্প্রতি সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পরীক্ষা পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ আবু তালেব বেলাল এবং কমিটির কো-অর্ডিনেটর আবু মোশাররফ রাসেল। সভায় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সচিব ও দায়িত্বশীল শিক্ষকেরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমা বড়ুয়া, পাঠানটুলী খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন এবং অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মিনহাজুল ইসলাম।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর নির্দেশনা জারি করেছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে প্রবেশপত্রে উল্লিখিত নিজ নিজ কেন্দ্রে পৌঁছাতে হবে। প্রতিটি কেন্দ্রের প্রবেশমুখে থাকা বড় ব্যানারে আসনবিন্যাস দেখে কক্ষ নম্বর নিশ্চিত হয়ে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার হলে কোনো ধরনের মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীরা সঙ্গে কেবল প্রবেশপত্র, প্রয়োজনীয় কলম এবং সাধারণ ক্যালকুলেটর রাখতে পারবে। উত্তরপত্রের রাফ করার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে বলে অতিরিক্ত কোনো কাগজ সঙ্গে আনার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। মেয়র ডা. শাহাদাত হোসেন ও বৃত্তি পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এই আয়োজন সফল করতে অভিভাবক ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।


