গাউসুল আজম মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে শোকর-এ মওলা মনজিলের প্রস্তুতি সভা

গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার ১২০তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে প্রস্তুতি সভা, মিলাদ ও জিকরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ির শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আজম এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফ।

সভায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, মাইজভাণ্ডারী লেখক ও গবেষক মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী একাডেমির আজীবন সদস্য ওমর ফারুক, সংগঠনের উপদেষ্টা ও পূবালী ব্যাংক কাজীরহাট শাখার ব্যবস্থাপক সৈয়দ শফিউল আজিম সুমন এবং জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সভাপতিজয়নুল আবেদিন তাওরাত।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম।

প্রধান অতিথি বলেন, ইমান, ইলম ও ইশক—এই তিনটির সমন্বয়ে আমাদের কর্ম করতে হবে। আমাদের কর্মে এই তিনটির গুণাবলির প্রতিফলন ঘটাতে হবে ইনসাফের মাধ্যমে, যা আমাদের ‘আদিল’—অর্থাৎ ন্যায়বিচারক হিসেবে প্রতিষ্ঠিত করবে। সৃষ্টির ওপর কোনো আঘাত করা থেকে বিরত থাকতে হবে এবং সকল সৃষ্টির প্রতি দয়াদ্র হতে হবে। মাইজভাণ্ডারী ত্বরিকা একত্ববাদে বিশ্বাসী সকল মানুষের মধ্যে সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে এবং স্রষ্টার সৃষ্টির প্রতি যত্নবান হওয়ার শিক্ষা দেয়। এর মধ্যদিয়ে মানব অন্তর পবিত্রতা অর্জন করে স্রষ্টার প্রেমে বিভোর হয়।

আসন্ন মহান ১০ মাঘে গাউসুল আজম হযরত শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার ১২০তম বার্ষিক ওরশ শরীফে সংগঠনের সবাইকে কেন্দ্রীয় পরিষদ ঘোষিত কর্মসূচির আলোকে অংশগ্রহণের জন্য সবাইকে প্রস্তুতি গ্রহণের তাগিদ দেওয়া হয়।

সভাপতির সমাপনী বক্তব্যের শেষে মিলাদ ও মোনাজাতের মধ্যদিয়ে সভা সমাপ্ত হয়।

ksrm