২৫ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক পরোয়ানাভুক্ত এক আসামিকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামির নাম মো. আব্বাস উদ্দিন। তিনি রাউজান উপজেলার পূর্ব গুজরা এলাকার কোআন মঞ্জিল বাড়ির মৃত হোসনুজ্জামানের ছেলে।
সম্প্রতি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
একে-৪৭ উদ্ধার মামলায় আদালত তাকে ২৫ বছরের সাজা দেন। এছাড়া রাঙ্গুনিয়া থানার মোহরম হত্যা মামলাসহ চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন তিনি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আত্মগোপনে ছিলেন। দেশে ফেরার সময় বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, তদন্তকালে আসামির হেফাজত থেকে একটি একে-৪৭ অটোমেটিক ভারী আগ্নেয়াস্ত্র, ১০৫ রাউন্ড গুলি, ১০টি ম্যাগাজিন এবং ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছিল।
আদালতে বিচার শেষে তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান এবং গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে।
এমজে/ডিজে


