চট্টগ্রামে বস্তার ভেতর মিললো রিভলবার ও বন্দুক

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলবার, দুটি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গুলি ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের একটি এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, সরল ইউনিয়নে কয়েকজন ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা দুটি বস্তা রেখে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে একটি বিদেশি রিভলবার, দুটি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গুলি এবং চারটি রামদা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

এএইচ/ডিজে

ksrm