চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১২ ফুটের ‘শঙ্খচূড়’ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি শঙ্খচূড় (কিং কোবরা) সাপ উদ্ধার করা হয়েছে। এনিয়ে ৪৮ ঘণ্টার ব্যবধানে ক্যাম্পাস থেকে দুটি সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন প্রায় ৬ কেজির কাছাকাছি।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদের নাট্যকলা বিভাগের এক্সটেনশন থেকে সাপটি উদ্ধার করে ‘সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেস’র সদস্যরা।

এর আগে গত শুক্রবার একই বিভাগের পেছনের স্টাফ কলোনির একটি বাসা থেকে ৮ ফুট দৈর্ঘ্যের আরেকটি শঙ্খচূড় সাপ উদ্ধার করা হয়।

এ বিষয়ে চবি’র প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এবং থ্রিএসএ সাপ উদ্ধার দলের উপদেষ্টা ড. ইব্রাহীম আল হায়দার জানান, রোববার বিকেল সাড়ে ৪টায় নাট্যকলা বিভাগ এক্সটেনশন থেকে একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের।

তিনি জানান, গবেষণার উদ্দেশ্যে সাপটি আপাতত আমাদের কাছে রাখা হয়েছে। গবেষণার কাজ শেষ হলে সাপটি বনে অবমুক্ত করা হবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিকবার কিং গোখরা দেখা যাওয়ার পেছনে পরিবেশগত কারণ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের পাহাড়গুলো মূলত বন বিভাগ ও স্থানীয়দের দখলে। যেখানে চাষাবাদের কাজও চলছে। ফলে সাপদের স্বাভাবিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তারা লোকালয়ে চলে আসছে।

ডিজে

ksrm