চট্টগ্রামে রিভলবার ও শর্টগানসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় যৌথ অভিযানে সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিএমপির ৩৩০ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ৪২ নম্বরে ছিলেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযানের সময় আক্তারের কাছ থেকে একটি দেশীয় শর্টগান (এলজি), একটি বিদেশি রিভলবার, একটি চায়নিজ কুড়াল হাতল, একটি হাতলবিহীন চায়নিজ কুড়াল, একটি চাপাতি, একটি গুলি অপসারণ স্টিক, চারটি পটকা, একটি টর্চার চাবুক এবং নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আক্তারকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আজই আদালতে পাঠানো হয়েছে।

এএইচ/ডিজে

ksrm