রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরে (সিসিএস) ছয় বছর ধরে একই চেয়ারে রয়েছেন এক কর্মকর্তা। ২০২০ সালের ৪ মে থেকে এখনও দায়িত্ব পালন করছেন তিনি।
ওই রেল কর্মকর্তার নাম আসিফ উল ইসলাম। তিনি সিসিএস দপ্তরে সরঞ্জাম নিয়ন্ত্রক (শিপিং) পদে কর্মরত আছেন। এছাড়া তিনি দপ্তরে সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পাহাড়তলী রেলের সিসিএস দপ্তরের গিয়ে দেখা গেছে তিনি দায়িত্ব পালন করছেন। অনারবোর্ডে সর্বশেষ তার নাম রয়েছে।
জানা গেছে, আইন অনুযায়ী সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত এক দপ্তরে একজন কর্মকর্তা থাকতে পারবেন। তবে কর্তৃপক্ষ চাইলে তাকে আরও এক বছর বাড়তি সময়ের জন্য একই দপ্তরে রাখতে পারবেন। এরপর তাকে অন্যত্র বদলি করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে সরঞ্জাম পরিদর্শক (শিপিং) আসিফ উল ইসলাম বলেন, ‘আমার পরিবারের সবাই ঢাকায় থাকে। স্যারদের বার বার অনুরোধ করেছি ঢাকায় বদলি করার জন্য, আবেদনও করেছি। কিন্তু তারা বদলি করেননি।’
এ বিষয়ে জানতে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (পূর্ব) বেলাল হোসেন সরকারকে একাধিকবার ফোন কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে দপ্তরে গেলে তিনি ঢাকা গেছেন বলে জানা গেছে।
জেএস


