চান্দগাঁওয়ের ‘হাজী কাচ্চি ঘর’ সিলগালা, খাবারে ক্ষতিকর কেমিক্যাল

সুস্বাদু খাবারের চটকদার বিজ্ঞাপনে দিনের পর দিন সাধারণ মানুষকে ঠকানো হচ্ছিল। গ্রাহকের প্লেটে পরিবেশন করা হচ্ছিল ক্ষতিকর কেমিক্যাল আর বাসি খাদ্য। একের পর এক অভিযোগ, একাধিকবার জরিমানার পরও শোধরায়নি ‘হাজী কাচ্চি ঘর’ নামে রেস্তোরাঁটি। এসব অভিযোগে এবার সেই রেস্তোরাঁ সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের মোহরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একইসঙ্গে আরও দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেখা গেছে, প্রতিষ্ঠানটি রান্নার কাজে বিপুল পরিমাণের নিষিদ্ধ কেমিক্যাল ও ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করে আসছিল। রান্নার জন্য মজুত রাখা হয়েছিল বাসি গ্রিল ও চিকেন ফ্রাই, আর তা প্রস্তুত করা হচ্ছিল চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে।

একই অভিযানে মেয়াদোত্তীর্ণ কেক ও রসমালাই বিক্রির দায়ে ‘দোহা ফুড’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পাউরুটি রাখার অপরাধে ‘খাজা স্টোর’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পিএ/ডিজে

ksrm