চট্টগ্রামের আনোয়ারায় বেড়িবাঁধ লুটেরাদের ধরতে মোমবাতি মার্কায় ভোটের আহবান দিয়েছেন ইসলামী ফ্রন্ট প্রার্থী মাওলানা এসএম শাহজাহান। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বৃহত্তর সুন্নিজোট প্রার্থী তিনি শনিবার (২৪ জানুয়ারি) রায়পুর ইউনিয়নের উপকূলীয় বিভিন্ন এলাকায় জনসংযোগ ও বেড়িবাঁধ পরিদর্শন করেন। এসময় স্থানীয় জনগণের সঙ্গে দেখা করেন এবং তাদের সমস্যা শুনেন।
মাওলানা শাহজাহান অভিযোগ করেন, আনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণে হাজার কোটি টাকা লুট করেছে একটি রাজনৈতিক গোষ্ঠী। প্রাকৃতিক দূর্যোগে অন্তত দুই লাখ মানুষ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে, কিন্তু তাদের দেখাশোনার কোনো ব্যবস্থা নেই। তিনি বলেন, ‘জনগণের টাকা লুটকারীদের রক্ষা নাই। বেড়িবাঁধ লুটেরাদের ধরতে মোমবাতি মার্কায় ভোট দিন।’
তিনি আরও জানান, গত ৫৪ বছরে বহু সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু মানুষের ভোট নিয়ে নিজেদের পকেট ভারী করেছে। বেড়িবাঁধের বালি-পাথরসহ সব উপকরণ লুট হয়েছে। তিনি এমন লুটেরাদের ছাড় নেই বলেও উল্লেখ করেন। এছাড়া যারা আল্লাহর অলিদের শানে বেয়াদবি করে বা মাজার ভাঙার রাজনীতি করে, তাদেরও রক্ষা নাই। আগামী ১২ ফেব্রুয়ারি মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহবান জানান তিনি।
মাওলানা শাহজাহান রায়পুর ইউনিয়নের ফুলতলী, উত্তর পরুয়া পাড়া, দক্ষিণ পরুয়া পাড়া, ছিপাতলী ঘাট, গহিরা উঠান মাঝির ঘাট, দোভাষীর হাট, ওয়াহেদ আলী চৌধুরী বাজার, চুন্নাপাড়া হাজামপাড়া, আফাজিয়া দরবার শরীফ, উত্তর পরুয়া পাড়া আহমদ হাসান দরবার শরীফ ও জৈদ্দারহাট এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, গিয়াস উদ্দীন নঈমী, মাওলানা আবদুল মন্নান আনোয়ারী, হাফেজ নাসির উদ্দিন, মো. আলাউদ্দীন, ওসমান গনি ফারুকী, শাহজাদা কামরুল ইসলাম, হাফেজ ইলিয়াছ, নুরুল করিম, মুনিরুল ইসলাম, শায়ের এনামুল হক, হাফেজ আবুল কালাম, জাহেদুল হক, মাওলানা আলী নুর, শফিকু্ল আলম, আরিফুল ইসলাম, ওয়াক্কাস উদ্দিন, মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ শহীদ, নঈম উদ্দীন, মঈনুদ্দীন, মাওলানা ইছহাক, সাজ্জাত, জহিরুল ইসলাম, ফোরকান, সাইফুল ইসলাম, শাহরিয়ার ও নুরুল আজিম।


