নির্বাচনী লড়াইয়ে এলডিপির এয়াকুব, ফিরে পেলেন প্রার্থিতা

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নির্বাচনের লড়াইয়ে যোগ দিলেন ১০ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি মনোনীত এম এয়াকুব আলী। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। একইসঙ্গে তাকে দ্রুত প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়।

আইনি প্রক্রিয়া শেষে রায়ের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী রিফাত বলেন, এই রায় প্রমাণ করেছে, প্রার্থীকে অন্যায়ভাবে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। আদালতের আদেশে সেই অপচেষ্টার অবসান ঘটেছে। আদালতের নির্দেশের পর নির্বাচন কমিশনের আর কোনো অজুহাত বা বিলম্বের সুযোগ নেই। দ্রুত তাকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্টকে সামনে রেখে এম এয়াকুব আলীর মনোনয়ন বাতিল করা হয়। অথচ ওই রিপোর্ট সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের সুস্পষ্ট স্থগিতাদেশ থাকা সত্ত্বেও তা উপেক্ষা করা হয় বলে অভিযোগ ওঠে।

রায়ের পর প্রতিক্রিয়ায় এম এয়াকুব আলী বলেন, এটি শুধু আমার বিজয় নয়, এটি পটিয়ার মানুষের ভোটাধিকার রক্ষার বিজয়। একটি মহল পরিকল্পিতভাবে আমাকে নির্বাচন থেকে ছিটকে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমত ও আদালতের ন্যায়বিচারে তারা ব্যর্থ হয়েছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ছাতা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে, পটিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলবো।

এএইচ/ডিজে

ksrm