পটিয়ার আশিয়ায় শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের ঈদ পুনর্মিলনী

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন আবহে চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

শুক্রবার (২৭ মার্চ) সকালে দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মিলনমেলার আমেজ অনুষ্ঠিত হয়েছে।

শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু তালেব মঈনীর সভাপতিত্বে এবং মহাসচিব নুরুল আমিন টিটুর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন মিডিয়া সচিব সাংবাদিক কাউছার আলম, মাওলানা নেজামুল হক, মুহাম্মদ মুছা, মোহাম্মদ শরিফ,জয়নাল আবেদীন, আবুল কাশেম, শাহাদাত হোসাইন,শহীদুল ইসলাম, নুরুল আবছার, টিপু সুলতান, মো. রাশেদ, আবু সাঈদ, আবদুল করিম, শাহাব উদ্দীন ও আবদুল মান্নান, জিয়া উদ্দিন বাবলু।

সভায় বক্তারা বলেন, কারবালার শিক্ষা হচ্ছে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা। এই মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি আমাদের আত্মশুদ্ধি ও সমাজ গঠনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে কারবালার আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। মাহফিলের মাধ্যমে আমরা সেই চেতনা জাগ্রত করতে চাই।

বক্তারা আরও বলেন, ঈদ পুনর্মিলনী আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করে। এ ধরনের আয়োজন সমাজে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারবালার ত্যাগ ও আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণের আহ্বান জানান।

সভায় স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া প্রতিবছরের ন্যায় ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ, দেশ-বিদেশের খ্যাতনামা ওলামায়ে কেরামদের আমন্ত্রণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

ksrm