পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আবু তাহের নদভী আর নেই

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ আল্লামা মুফতি মাওলানা আবু তাহের নদভী (রহ.) ইন্তেকাল করেন।

সোমবার (৩০ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

ইন্তেকালের খবর ছড়িয়ে পড়তেই মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের চোখে অশ্রু, শিক্ষকদের কণ্ঠে বেদনা—একজন শিক্ষক নয়, তারা হারিয়েছে একজন অভিভাবক।

সোমবার রাত সাড়ে ১১টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। পরে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। তার ইন্তেকালে শোক জানিয়েছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।

সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম বলেন, এ ক্ষতি শুধু পটিয়ার নয়, পুরো দেশের। তিনি ছিলেন সমাজ গঠনের কারিগর।

শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, তিনি ছিলেন নীরব সাধক—দ্বীনি শিক্ষায় আজীবন নিবেদিত।

১৯৬০ সালে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেওয়া এই প্রাজ্ঞ আলেম শৈশব থেকেই দ্বীনি শিক্ষায় বেড়ে ওঠেন। নানুপুর, জামিয়া ইউনুসিয়া ও পটিয়া মাদ্রাসায় পড়াশোনা শেষে তিনি দাওরায়ে হাদিস ও ইফতা সম্পন্ন করেন।

এরপর তিনি যান ভারত ও পাকিস্তানে। তিনি অধ্যয়ন করেন দারুল উলুম দেওবন্দ এবং নদওয়াতুল উলামায়ে।

শিক্ষাজীবন শেষে তিনি যুক্ত হন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সঙ্গে। হাদিস ও আরবি সাহিত্যের শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে হয়ে ওঠেন হাজারো আলেমের প্রেরণা।

২০২৪ সালে মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি তিনি ছিলেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সহসভাপতি।

এএইচ/ডিজে

ksrm