বাইক নিয়ে ৩ ভাই যাচ্ছিলেন স্বজনের জানাজায়, পথে দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি দুই ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে এক আত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার পদুয়া সিকদার দীঘিরপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

৪৫ বছর বয়সী রেজাউল করিম কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ড মৌলভী পাড়ার সৈয়দ আহমদের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ জন নিয়ে একটি বাইকে করে রেজাউল কক্সবাজারমুখি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রলির নিচে পড়ে যায়। এসময় চাপা দিয়ে ঘাতক ট্রলি চালক গ্রামীণ সড়ক দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে স্থানীয় জনতা আটক করে। তবে কৌশলে চালক পালিয়ে যায়।

নিহত রেজাউল করিমের ছোট ভাই মুবিনুল করিম জানান, সকালে আমাদের এক আত্মীয়ের নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য আমরা ৩ ভাই সাতকানিয়ার বাঁজালিয়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে চকরিয়া যাচ্ছিলাম। পদুয়া সিকদার দীঘির পাড় এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রলির ধাক্কায় বড় ভাই ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্য এবং দোহাজারী হাইওয়ে থানা পুলিশের টিম মরদেহ উদ্ধার করে।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে রেজাউল করিমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রলিটি স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

ডিজে

ksrm