চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ডজন মামলার দুই ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুইজন হলেন—মো. বায়েজিদ (২৭) ও মোহাম্মদ আরিফ (২৪)। এদের মধ্যে বায়েজিদের বাড়ি বক্সিরহাট এলাকার বদরশাহ (রহ.) মাজার সংলগ্ন এবং আরিফের বাড়ি আন্দরকিল্লা বদরপুকুর পাড় এলাকায়।
বুধবার (৭ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, বিস্ফোরক দ্রব্য ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক গুরুতর মামলা রয়েছে।
মো. বায়েজীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাসহ ও হত্যাচেষ্টা সংক্রান্ত একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অপরদিকে মোহাম্মদ আরিফের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মো. আফতাব উদ্দিন।
জেজে/ডিজে


