লন্ডনে হাসি-আনন্দে ছড়াল চট্টগ্রামের সুবাস, চট্টগ্রাম সমিতি ইউকে’র ৩০ বছর পূর্তি

চট্টগ্রাম সমিতি ইউকে’র ৩০ বছর পূর্তি উপলক্ষে লন্ডনের ওয়েসিস ব্যাংকোয়েট হলে আয়োজিত বর্ণাঢ্য গালা মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় দেড় হাজার প্রবাসী অংশ নিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।

লন্ডনে হাসি-আনন্দে ছড়াল চট্টগ্রামের সুবাস, চট্টগ্রাম সমিতি ইউকে’র ৩০ বছর পূর্তি 1

দেড় হাজার প্রবাসীর মিলনমেলা

লন্ডন ছাড়াও বার্মিংহাম, ম্যানচেস্টার, লিভারপুলসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসীরা উপস্থিত হন। রোববার (১৯ অক্টোবর) অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সমিতির সদস্য বজলুর রহমান। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল পর্বের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম সমিতি ইউকে’র সেক্রেটারি মৌসুমী চৌধুরী জয়া, ভাইস চেয়ারপার্সন সেলিম হোসাইন এবং জুয়েল আবেদীন চৌধুরী।

লন্ডনে হাসি-আনন্দে ছড়াল চট্টগ্রামের সুবাস, চট্টগ্রাম সমিতি ইউকে’র ৩০ বছর পূর্তি 2

অ্যাওয়ার্ড, কেক কাটা ও স্মারক উন্মোচন

তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ স্টুডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি সমিতির প্রাক্তন চেয়ারপার্সনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কেক কাটেন ও স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার আবিদা ইসলাম। তিনি সমিতির সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ‘চট্টগ্রাম সমিতি ইউকে প্রবাসে থেকেও বাংলাদেশের ঐক্য ও সংস্কৃতির প্রতীক।’

তিন দশকের কার্যক্রমের প্রদর্শনী

অনুষ্ঠানে সমিতির ৩০ বছরের কর্মকাণ্ড তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের চট্টগ্রাম সমিতির পাঠানো ভিডিও শুভেচ্ছা বার্তাও দেখানো হয়।

ঐতিহ্যবাহী মেজবানি আয়োজনে ভোজনবিলাস

প্রবাসে থেকেও চট্টগ্রামের ঐতিহ্য বজায় রাখতে আয়োজন করা হয় আসল মেজবানি খাবারের। মেন্যুতে ছিল সাদা ভাত, গরুর মাংস, নলা, মেজবানি ডাল ও চিকেন রোস্ট। ডেজার্টে পরিবেশন করা হয় ফিন্নি, জিলাপি, কেক ও চা। লন্ডনের মেজবানি রেস্টুরেন্ট খাবার সরবরাহ করে, যারা গত দুই বছর ধরে সমিতির মেজবান অনুষ্ঠানে যুক্ত আছে। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সমিতির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এনসিএল ট্যুরস অ্যান্ড কলেজ-এর উদ্যোগে শিশুদের জন্য বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র আয়োজন করা হয়।

বিশেষ সম্মাননা ও পৃষ্ঠপোষকতা

গত দুই বছর ধরে সফলভাবে সমিতির কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ বর্তমান চেয়ারপার্সন নাজিম উদ্দিনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সমিতির প্যাট্রন, শুভাকাঙ্ক্ষী ও স্পন্সরদের মঞ্চে পরিচিত করিয়ে দিয়ে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা

চট্টগ্রাম থেকে আগত জনপ্রিয় শিল্পী সাহিল সানজান গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি লন্ডনের স্থানীয় শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্যের ধারক

চট্টগ্রাম সমিতি ইউকে তাদের ৩০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে মেজবান আয়োজন করে আসছে। সংগঠনটির উদ্দেশ্য—প্রবাসে চট্টগ্রামের সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও মজবুত করা। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, কাউন্সিলর, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ksrm