চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটায় সরবরাহের সময় ডাম্প ট্রাকের চাপায় সাজ্জাদ হোসেন রোহান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াই টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের মরিচ্চা পাড়া এলাকায় ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন রোহান উপজেলার ঢেমশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদ বাড়ির মো. ফোরকানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কৃষিজমির টপসয়েল কেটে ইটভাটায় সরবরাহ করছিল মাটিখেকোরা। এ সময় মাটি বোঝায় একটি ডাম্প ট্রাক দ্রুত চালানোর সময় সাজ্জাদ হোসেন রোহানকে চাপা দেয়। তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ মার্চ) সকালে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের পিতা মো. ফোরকান বলেন, “আমার ছেলে মাটি ব্যবসায়ীদের কাছে চাকরি করতেন। শনিবার রাতে প্রশাসনের অভিযান জানতে পেয়ে চালকরা ডাম্প ট্রাক নিয়ে পালানোর সময় অসাবধানতাবশত মাটি বোঝায় একটি ট্রাকের চাপায় আমার ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটে।”
উপজেলার ঢেমশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের ঘটনাটি নিশ্চিত করেছেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, “ডাম্প ট্রাক চাপায় এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


