সাতকানিয়ায় বাসচাপায় দুই বাইক আরোহীর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক আরোহী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার কেওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এলাকার বান্দরবান-কেরানীহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আর্মিপাড়া এলাকার নাজমুল ইসলাম (৩০) ও তওহীদ (২৪)। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, তিনজন একটি মোটরসাইকেলে করে বান্দরবান থেকে কেরাণীহাটমুখি ছিলেন। পথে গ্রামীণ সড়ক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হলে তিনজনই সড়কে পড়ে যান। এ সময় বান্দরবানগামী পূবালী পরিবহনের একটি বাস দুই আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মামুন হোসেন বলেন, নিহত দুই তরুণের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার কারণে সড়ক পরিবহন আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

এএইচ/ডিজে

ksrm